[1] শাসকগণ, তোমরা কি সত্যিই ন্যায়সঙ্গত কথা বলো? তোমরা কি সমতার সঙ্গে লোকেদের বিচার করো?
[2] না, তোমাদের হৃদয়ে তোমরা অন্যায় পরিকল্পনা করো, আর তোমাদের হাত দিয়ে তোমরা পৃথিবীতে হিংসা ছড়াও।
[3] জন্ম থেকেই দুষ্টরা বিপথে যায়; মাতৃগর্ভ থেকেই তারা বিপথগামী ও মিথ্যাবাদী।
[4] সাপের বিষের মতোই তাদের বিষ, ওরা কালসাপের মতো, যা শুনতে অস্বীকার করে,
[5] এবং সাপুড়েদের সুর উপেক্ষা করে যতই তারা দক্ষতার সঙ্গে বাজাক না কেন।
[6] হে ঈশ্বর, তাদের মুখের দাঁতগুলি ভেঙে দাও; হে সদাপ্রভু, সেই সিংহদের বিষদাঁত উপড়ে ফেলো।
[7] শুকনো জমিতে জলের মতো তারা যেন মিলিয়ে যায়; তাদের অস্ত্রশস্ত্র তাদের হাতেই ব্যর্থ করে তোলো।
[8] পথে চলার সময় তারা যেন শামুকের মতো গলে পাঁকে পরিণত হয়; মৃতজাত শিশুর মতো হোক যে কখনও সূর্যের মুখ না দেখে।
[9] ঈশ্বর, তরুণ কি প্রবীণ, সকলকে উড়িয়ে নিয়ে যাবেন কাঁটাগাছের আগুনের আঁচ তোমাদের পাত্রের গায়ে লাগার আগেই।
[10] অন্যায়ের প্রতিকার দেখে ধার্মিক লোক উল্লাসিত হবে। দুষ্টদের রক্তে তারা তাদের পা ধুয়ে নেবে।
[11] তখন সকলে বলবে, “ধার্মিকেরা নিশ্চয় পুরস্কার পায়; নিশ্চয় ঈশ্বর আছেন, যিনি জগতের বিচার করেন।”