Skip to content
Opens in a new window
Listen to this chapter • 3:59

[1] হে সদাপ্রভু, তুমি আমাকে অনুসন্ধান করেছ, আর তুমি আমাকে জানো।

[2] তুমি জানো আমি কখন বসি আর কখন উঠি; দূর থেকেও তুমি আমার মনের ভাবনা বুঝতে পারো।

[3] তুমি জানো আমি কোথায় যাই আর আমি কোথায় শয়ন করি; আমার সকল চলার পথ তোমার পরিচিত।

[4] আমার জিভে কোনও কথা উচ্চারিত হবার আগেই তুমি, হে সদাপ্রভু, তা সম্পূর্ণভাবে জানো।

[5] তুমি আমাকে সম্মুখে ও পশ্চাতে ঘিরে রেখেছ, এবং আমার উপর তোমার হাত রেখেছ।

[6] এই জ্ঞান আমার কাছে অতিশয় আশ্চর্য, এত উচ্চ যে আমার বোধের অগম্য।

[7] আমি তোমার আত্মাকে এড়িয়ে কোথায় যাব? আমি তোমার সম্মুখ থেকে কোথায় পালাব?

[8] যদি আমি আকাশমণ্ডলে উঠে যাই, সেখানে তুমি আছ; যদি আমি পাতালে বিছানা পাতি, সেখানেও তুমি রয়েছ।

[9] যদি আমি প্রত্যুষের ডানায় ভর করে উড়ে যাই, যদি আমি সমুদ্রের সুদূর সীমায় বসতি স্থাপন করি,

[10] এমনকি সেখানেও তোমার হাত আমাকে পথ দেখাবে, তোমার ডান হাত আমাকে ধরে রাখবে।

[11] যদি আমি বলি, “নিশ্চয় অন্ধকার আমাকে আচ্ছন্ন করবে আর আলো আমার চারিদিকে অন্ধকারে পরিণত হবে,”

[12] এমনকি, আঁধারও তোমার কাছে অন্ধকার নয়; রাত্রিও দিনের আলোর মতো উজ্জ্বল, কারণ অন্ধকার তোমার কাছে আলোর সমান।

[13] কারণ তুমি আমার অন্তরের সত্তা নির্মাণ করেছ; এবং মাতৃগর্ভে তুমি আমার দেহকে বুনেছ,

[14] আমি তোমার স্তব করি, কারণ আমি ভয়াবহরূপে ও আশ্চর্যরূপে নির্মিত; তোমার সব কার্যাবলি বিস্ময়কর তা আমি যথার্থভাবে জানি।

[15] আমার পরিকাঠামো তোমার থেকে লুকানো ছিল না, যখন আমি গোপন স্থানে নির্মিত হয়েছিলাম, যখন পৃথিবীর অধঃস্থানে আমি শিল্পীত হয়েছিলাম।

[16] তোমার চোখ আমার অগঠিত দেহ দেখেছিল; আমার জীবনের নির্ধারিত দিনগুলি তোমার বইতে লেখা ছিল জীবনে একদিন অতিবাহিত হওয়ার আগেই।

[17] হে ঈশ্বর, তোমার ভাবনা আমার কাছে কত মূল্যবান! সেগুলির সমষ্টি কী বিপুল!

[18] যদি আমি সেগুলি গুনতে যেতাম, তবে সেগুলি বালির কণার চেয়েও সংখ্যায় বেশি হতো, যখন আমি জেগে উঠি, তখনও তুমি আমার সঙ্গে আছো।

[19] হে ঈশ্বর, যদি তুমি দুষ্টদের ধ্বংস করতে! আমার কাছ থেকে দূর হও, তোমরা যারা রক্তপিপাসু!

[20] তোমার সম্বন্ধে ওরা মন্দ উদ্দেশ্য নিয়ে কথা বলে, তোমার বিপক্ষরা তোমার নামের অপব্যবহার করে।

[21] হে সদাপ্রভু, আমি কি তাদের ঘৃণা করি না যারা তোমাকে ঘৃণা করে? এবং তাদের কি অবজ্ঞা করি না যারা তোমার বিপক্ষে বিদ্রোহ করে?

[22] তাদের জন্য কেবল আমার ঘৃণাই রয়েছে; আমি তাদের আমার শত্রু বলেই গণ্য করি।

[23] হে ঈশ্বর, আমাকে তুমি অনুসন্ধান করো আর আমার হৃদয়ের কথা জানো; আমাকে পরীক্ষা করো আর জানো আমার উদ্বেগের ভাবনা।

[24] দেখো, আমার মধ্যে দুষ্টতার পথ পাওয়া যায় কি না, আর আমাকে অনন্ত জীবনের পথে চালাও।

গীত — Chapters