Skip to content
Opens in a new window
Listen to this chapter • 2:24

[1] হে সদাপ্রভু, আমার প্রার্থনা শোনো, আমার বিনতিতে কর্ণপাত করো; তোমার বিশ্বস্ততায় ও ধার্মিকতায় আমার সহায় হও।

[2] তোমার দাসকে বিচারে নিয়ে এসো না, কারণ জীবিত কেউ তোমার দৃষ্টিতে ধার্মিক নয়।

[3] আমার শত্রু আমার পশ্চাদ্ধাবন করে, সে আমাকে ভূমিতে চূর্ণ করে, অতীতের মৃত ব্যক্তিদের মতো সে আমাকে অন্ধকারে বাস করায়।

[4] তাই আমার আত্মা আমার অন্তরে ক্ষীণ হয়; আমার হৃদয় আমার অন্তরে হতাশাগ্রস্ত হয়।

[5] আমি সুদূর অতীতের দিনগুলি স্মরণ করি; আমি তোমার সকল কাজে ধ্যান করি, আর তোমার হাত যে সকল কাজ করেছে তা বিবেচনা করি।

[6] আমি তোমার উদ্দেশে আমার হাত প্রসারিত করি; শুকনো জমির মতো আমার প্রাণ তোমার জন্য তৃষ্ণার্ত।

[7] হে সদাপ্রভু, আমাকে শীঘ্রই উত্তর দাও; কারণ আমার আত্মা ক্ষীণ হচ্ছে। তোমার মুখ আমার কাছ থেকে লুকিয়ে রেখো না নতুবা আমি তাদের মতো হব যাদের মৃত্যু হয়েছে।

[8] প্রতিদিন সকালে তোমার অবিচল প্রেমের বাক্য শোনাও, কারণ আমি তোমার উপর আস্থা রেখেছি। যে পথে আমার চলা উচিত তা আমাকে দেখাও, কারণ আমি তোমাতে আমার জীবন গচ্ছিত রেখেছি।

[9] হে সদাপ্রভু, আমার শত্রুদের হাত থেকে আমাকে রক্ষা করো, কারণ আমি নিজেকে তোমাতেই লুকিয়ে রেখেছি।

[10] তোমার ইচ্ছা পূরণ করতে আমাকে শেখাও, কারণ তুমিই আমার ঈশ্বর; তোমার আত্মা দয়ালু আর আমাকে সমতল জমিতে চালাও।

[11] তোমার নামের মহিমায়, হে সদাপ্রভু, আমার জীবন বাঁচিয়ে রাখো; তোমার ধার্মিকতায় আমাকে দুর্দশা থেকে মুক্ত করো।

[12] তোমার অবিচল প্রেমের গুণে আমার শত্রুদের চুপ করাও; আমার সব বিপক্ষদের বিনাশ করো, কারণ আমি তোমার ভক্তদাস।

গীত — Chapters