Skip to content
Opens in a new window
Listen to this chapter • 3:24

[1] হে আমার প্রাণ, সদাপ্রভুর প্রশংসা করো; হে আমার অন্তরস্থ সকল, তাঁর পবিত্র নামের প্রশংসা করো।

[2] হে আমার প্রাণ, সদাপ্রভুর প্রশংসা করো, এবং তার সকল উপকার ভুলে যেয়ো না—

[3] যিনি তোমার সমস্ত পাপ ক্ষমা করেন আর তোমার সকল রোগ ভালো করেন,

[4] যিনি তোমার জীবন মৃত্যু থেকে মুক্ত করেন আর তোমাকে প্রেম ও করুণার মুকুটে ভূষিত করেন,

[5] তিনি উত্তম দ্রব্যে তোমার মনোবাসনা পূর্ণ করেন যেন ঈগল পাখির ন্যায় তোমার যৌবন নতুন হয়।

[6] সদাপ্রভু ধর্মকার্য সাধন করেন আর পীড়িতদের প্রতি ন্যায়বিচার করেন।

[7] তিনি মোশির কাছে আপন পথসকল প্রকাশ করেছিলেন, তাঁর কার্যাবলি ইস্রায়েলের ভক্তজনদের প্রতি:

[8] সদাপ্রভু কৃপাময় ও স্নেহশীল, ক্রোধে ধীর, দয়াতে মহান।

[9] তিনি ক্রমাগত আমাদের অভিযুক্ত করবেন না, তিনি চিরকাল তাঁর ক্রোধ মনে পোষণ করবেন না;

[10] তিনি আমাদের প্রতি আমাদের পাপের অনুযায়ী আচরণ করেন না অথবা আমাদের অপরাধের অনুযায়ী আমাদের প্রতিফল দেন না।

[11] কারণ জগতের ঊর্ধ্বে আকাশমণ্ডল যত উচ্চ, যারা তাকে সম্ভ্রম করে তাদের প্রতি তাঁর প্রেম ততটাই মহান;

[12] পূর্ব থেকে পশ্চিম যত দূরে, ততটাই আমাদের অপরাধ তিনি আমাদের থেকে দূর করেছেন।

[13] বাবা যেমন তার সন্তানসন্ততিদের প্রতি করুণা করেন, যারা সদাপ্রভুকে সম্ভ্রম করে তিনি ততটাই তাদের প্রতি করুণা করেন;

[14] কারণ তিনি জানেন আমরা কীভাবে নির্মিত হয়েছি, তিনি স্মরণে রাখেন যে আমরা কেবল ধুলো।

[15] মরণশীল মানুষের জীবন ঘাসের মতো, মাঠের ফুলের মতো তারা ফুটে ওঠে;

[16] তাদের উপর দিয়ে বায়ু বয়ে যায় আর তারা নিশ্চিহ্ন হয়, আর সেই স্থান তাদের আর মনে রাখে না।

[17] কিন্তু অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত সদাপ্রভুর প্রেম তাদের সঙ্গে আছে যারা তাকে সম্ভ্রম করে, এবং তাঁর ধার্মিকতা তাদের সন্তানসন্ততিদের প্রতি বর্তাক—

[18] তাদের প্রতি যারা তাঁর নিয়ম পালন করে এবং তাঁর অনুশাসন পালন করতে মনে রাখে।

[19] সদাপ্রভু তাঁর সিংহাসন স্বর্গে প্রতিষ্ঠিত করেছেন, আর তাঁর রাজ্য সবকিছুর উপরে শাসন করে।

[20] সদাপ্রভুর প্রশংসা করো, হে তাঁর দূতগণ, তোমরা পরাক্রমী সকল যারা তাঁর পরিকল্পনা সম্পন্ন করো, তোমরা যারা তাঁর আদেশ পালন করো।

[21] সদাপ্রভুর প্রশংসা করো, হে তাঁর স্বর্গের সকল বাহিনী, তোমরা তাঁর সেবাকারীগণ যারা তাঁর ইচ্ছা পূর্ণ করো।

[22] সদাপ্রভুর প্রশংসা করো, হে তাঁর সকল সৃষ্টি, তাঁর আধিপত্যের সমস্ত স্থানে। হে আমার প্রাণ, সদাপ্রভুর প্রশংসা করো।

গীত — Chapters