[1] বিশ্রামদিনের অবসান হলে, সপ্তাহের প্রথম দিনে অতি প্রত্যূষকালে, মাগ্দালাবাসী মরিয়ম ও অন্য মরিয়ম সমাধি দেখতে গেলেন।
[2] সেখানে এক প্রচণ্ড ভূমিকম্প হল, কারণ প্রভুর এক দূত স্বর্গ থেকে নেমে এলেন। তিনি সমাধির কাছে গিয়ে সেই পাথরটি গড়িয়ে দিলেন ও তার উপরে বসলেন।
[3] তাঁর বস্ত্র ছিল বিদ্যুতের মতো উজ্জ্বল এবং তাঁর পোশাক ছিল তুষারের মতো শ্বেতশুভ্র।
[4] তাঁকে দেখে প্রহরীরা এত ভয়ভীত হয়েছিল, যে তারা কাঁপতে লাগল ও মরার মতো পড়ে রইল।
[5] স্বর্গদূত সেই মহিলাদের বললেন, “তোমরা ভয় পেয়ো না, কারণ আমি জানি, তোমরা যীশুর অন্বেষণ করছ, যিনি ক্রুশার্পিত হয়েছিলেন।
[6] তিনি এখানে নেই, তিনি মৃত্যু থেকে উঠেছেন, যেমন তিনি বলেছিলেন। এসো, তিনি যেখানে শায়িত ছিলেন, সেই স্থানটি দেখবে।
[7] তারপর দ্রুত গিয়ে তাঁর শিষ্যদের বলো, ‘তিনি মৃতলোক থেকে জীবিত হয়ে উঠেছেন এবং তোমাদের আগেই গালীলে যাচ্ছেন। সেখানে তোমরা তাঁকে দেখতে পাবে।’ মনে রাখবে, যে কথা আমি তোমাদের বললাম।”
[8] তাই সেই মহিলারা ভীত, অথচ আনন্দে পূর্ণ হয়ে দ্রুত সমাধি ছেড়ে চলে গেলেন ও তাঁর শিষ্যদের সংবাদ দেওয়ার জন্য দৌড়ে গেলেন।
[9] হঠাৎ যীশু তাঁদের সঙ্গে সাক্ষাৎ করে বললেন, “তোমাদের কল্যাণ হোক।” তাঁরা এগিয়ে এসে তাঁর পদযুগল জড়িয়ে ধরলেন ও তাঁকে প্রণিপাত করলেন।
[10] তখন যীশু তাঁদের বললেন, “তোমরা ভয় পেয়ো না। যাও, আমার ভাইদের গালীলে যেতে বলো; সেখানে তারা আমার দর্শন পাবে।”
[11] সেই মহিলারা যখন পথে যাচ্ছেন, প্রহরীদের কয়েকজন নগরে প্রবেশ করে প্রধান যাজকদের সমস্ত ঘটনার বিবরণ দিল।
[12] প্রধান যাজকেরা প্রাচীনবর্গের সঙ্গে মিলিত হয়ে এক কুমন্ত্রণা করলেন। তাঁরা সেই সৈন্যদের প্রচুর পরিমাণে অর্থ দিলেন,
[13] তাদের বললেন, “তোমাদের বলতে হবে, ‘রাত্রে আমরা যখন ঘুমিয়েছিলাম, তখন তাঁর শিষ্যেরা এসে তাকে চুরি করে নিয়ে গেছে।’
[14] আর এই সংবাদ যদি প্রদেশপালের কাছে যায়, আমরাই তাঁকে বুঝিয়ে তোমাদের সংকট নিরসন করব।” অতএব, সৈন্যরা সেই অর্থ নিয়ে তাঁদেরই নির্দেশমতো কাজ করল।
[15] আর এই কাহিনি ব্যাপকরূপে ইহুদিদের মধ্যে রটিয়ে দেওয়া হল, যা আজও পর্যন্ত প্রচলিত আছে।
[16] তারপর সেই এগারোজন শিষ্য গালীলের সেই পর্বতে গেলেন, যেখানে যীশু তাঁদের যেতে বলেছিলেন।
[17] তাঁরা তাঁকে দেখে প্রণিপাত করলেন, কিন্তু কেউ কেউ সন্দেহ প্রকাশ করলেন।
[18] তখন যীশু তাঁদের কাছে এসে বললেন, “স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে।
[19] অতএব, তোমরা যাও ও সমস্ত জাতি থেকে শিষ্য তৈরি করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাদের বাপ্তিষ্ম দাও।
[20] আর আমি তোমাদের যে সমস্ত আদেশ দিয়েছি, সেগুলি পালন করার জন্য তাদের শিক্ষা দাও। আর আমি নিশ্চিতরূপে, যুগান্ত পর্যন্ত নিত্য তোমাদের সঙ্গে সঙ্গে আছি।”