Skip to content
Opens in a new window
Listen to this chapter • 7:20

[1] আমি যিহূদা, যীশু খ্রীষ্টের দাস ও যাকোবের ভাই, যারা পিতা ঈশ্বরের প্রীতির পাত্র ও যীশু খ্রীষ্টের দ্বারা সংরক্ষিত, সেই আহ্বানপ্রাপ্ত লোকদের উদ্দেশে এই পত্র লিখছি।

[2] করুণা, শান্তি ও ভালোবাসা প্রচুররূপে তোমাদের প্রতি বর্ষিত হোক।

[3] প্রিয় বন্ধুরা, যে পরিত্রাণের আমরা অংশীদার, আমি সেই বিষয়ে তোমাদের কাছে লিখবার জন্য প্রবল আগ্রহী ছিলাম, কিন্তু বুঝতে পারলাম, তোমরা যেন বিশ্বাসের জন্য প্রাণপণ করো, এই বিষয়ে তোমাদের কাছে লিখি, যে বিশ্বাস সর্বসময়ের জন্য একবারেই সন্তজনেদের কাছে সমর্পিত হয়েছে।

[4] কারণ কতগুলি মানুষ সংগোপনে তোমাদের মধ্যে অনুপ্রবেশ করেছে, যাদের দণ্ডাদেশ বহুপূর্বেই লিখিত হয়েছিল। তারা সব ভক্তিহীন মানুষ, যারা আমাদের ঈশ্বরের অনুগ্রহকে লাম্পট্যের ছাড়পত্রে পরিণত করে এবং আমাদের একমাত্র সর্বাধিপতি ও প্রভু, যীশু খ্রীষ্টকে অগ্রাহ্য করে।

[5] তোমরা যদিও এসব বিষয় ইতিমধ্যেই জানো, তবুও আমি তোমাদের স্মরণ করিয়ে দিতে চাই যে, প্রভু তাঁর প্রজাদের মিশর থেকে উদ্ধার করেছিলেন, কিন্তু যারা বিশ্বাস করেনি, পরবর্তীকালে তিনি তাদের বিনষ্ট করেছিলেন।

[6] আর যে স্বর্গদূতেরা নিজেদের কর্তৃত্বপদ রক্ষা না করে তাদের নিজস্ব আবাস ত্যাগ করেছিল, সেই মহাদিনে বিচারের জন্য তিনি তাদের চিরকালীন শিকলে বদ্ধ করে ঘোর অন্ধকারের মধ্যে রেখেছেন।

[7] একইভাবে, সদোম ও ঘমোরা এবং তাদের সন্নিহিত নগরগুলি এদেরই মতো নিজেদের অবৈবাহিক ও অস্বাভাবিক যৌন-অনাচারে আত্মসমর্পণ করেছিল। যারা অনন্ত অগ্নির দণ্ডভোগ করে, এরা তাদেরই পক্ষে দৃষ্টান্তস্বরূপ হয়ে আছে।

[8] সেই একই উপায়ে, এসব স্বপ্নদর্শক, নিজেদের শরীরকে কলুষিত করে, তারা কর্তৃত্বকে অগ্রাহ্য করে ও দিব্যজনেদের বিরুদ্ধে কুত্সা-রটনা করে।

[9] কিন্তু এমনকি, প্রধান স্বর্গদূত মীখায়েল যখন মোশির মৃতদেহ নিয়ে দিয়াবলের সঙ্গে বাদ-প্রতিবাদ করেছিলেন, তিনিও তার বিরুদ্ধে কোনো নিন্দাসূচক অভিযোগ উত্থাপন করার সাহস দেখাননি, কিন্তু বলেছিলেন, “প্রভু তোমাকে তিরস্কার করুন!”

[10] তা সত্ত্বেও, এই লোকেরা যা বোঝে না, সেইসব বিষয়ের তীব্র নিন্দা করে; আবার তারা বিবেচনাহীন পশুদের মতো, সহজাত প্রবৃত্তির দ্বারা যা বোঝে, সেই সবের দ্বারা ধ্বংস হয়।

[11] তাদেরকে ধিক্! তারা কয়িনের পথ অবলম্বন করেছে; তারা পারিতোষিকের লোভে বিলিয়মের ভ্রমপথে দ্রুত ছুটে চলেছে; কোরহের সমান বিদ্রোহের অংশীদার হয়ে বিনষ্ট হয়েছে।

[12] এই লোকেরা তোমাদের সব প্রীতিভোজে কলঙ্কস্বরূপ, তোমাদের সঙ্গে ভোজন করার সময় এদের সামান্যতমও বিবেক-দংশন থাকে না। এরা এমন পালক, যারা কেবলমাত্র নিজেদেরই উদরপূর্তি করে। এরা বাতাসে উড়ে চলা বৃষ্টিহীন মেঘের মতো; হেমন্ত ঋতুর গাছ, ফলশূন্য ও মূল থেকে উপড়ানো, দুবার মৃত।

[13] এরা উত্তাল সমুদ্রতরঙ্গের ফেনার মতো নিজেদের লজ্জা উৎক্ষেপ করে; এরা পরিক্রমাকারী তারার মতো, যাদের জন্য চিরকালীন গহনতম অন্ধকার সংরক্ষিত রয়েছে।

[14] আদম থেকে সপ্তম পুরুষ যে হনোক, তিনি এসব মানুষের বিষয়ে ভবিষ্যদ্‌বাণী করেছেন: “দেখো, প্রভু তাঁর সহস্র গুণ সহস্র পবিত্রজনেদের সঙ্গে নিয়ে আসছেন,

[15] যেন প্রত্যেকের বিচার করেন ও সমস্ত ভক্তিহীন মানুষকে ভক্তিহীন উপায়ে কৃত তাদের সব ভক্তিবিরুদ্ধ কাজের জন্য এবং যে সমস্ত ভক্তিহীন পাপী তাঁর বিরুদ্ধে কটুকথা বলেছে, সেগুলির জন্য তাদের দোষী সাব্যস্ত করেন।”

[16] এসব লোক সদা অসন্তুষ্ট, ছিদ্রান্বেষী, তারা শুধু নিজেদের কু-বাসনার অনুসারী; তারা নিজেদেরই বিষয়ে গর্ব করে এবং নিজেদের সুযোগ সুবিধার জন্য অপর ব্যক্তিদের তোষামোদ করে।

[17] কিন্তু প্রিয় বন্ধুরা, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের প্রেরিতশিষ্যেরা ইতিপূর্বে কী বলে গিয়েছেন, তা স্মরণ করো।

[18] তাঁরা তোমাদের বলেছিলেন, “শেষের সময়ে এমন ব্যঙ্গ-বিদ্রুপকারীদের উদয় হবে, যারা তাদের নিজস্ব ভক্তিহীন কামনা-বাসনার অনুসারী হবে।”

[19] এই লোকেরাই তোমাদের মধ্যে দলভেদ সৃষ্টি করে, যারা নিজেদের স্বাভাবিক ইন্দ্রিয়পরায়ণতা অনুযায়ী চলে এবং তাদের মধ্যে পবিত্র আত্মা নেই।

[20] কিন্তু প্রিয় বন্ধুরা, তোমরা তোমাদের পরম পবিত্র বিশ্বাসের উপরে নিজেদের গেঁথে তোলো ও পবিত্র আত্মার শক্তিতে প্রার্থনা করো।

[21] যখন তোমরা, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের করুণার প্রতীক্ষায় আছো, যিনি তোমাদের কাছে অনন্ত জীবন নিয়ে আসবেন, তোমরা ঈশ্বরের প্রেমে নিজেদের রক্ষা করো।

[22] যারা সন্দেহপ্রবণ, তাদের প্রতি করুণা করো;

[23] অপর ব্যক্তিদের বিচারের আগুন থেকে টেনে এনে রক্ষা করো; আরও অন্যদের সভয়ে করুণা প্রদর্শন করো, কিন্তু সাবধানতাপূর্বক কোরো, যা তাদের পোশাককে কলুষিত করে, সেইসব পাপকে ঘৃণা কোরো।

[24] যিনি তোমাদের পতন থেকে রক্ষা করতে সমর্থ ও যিনি নিষ্কলঙ্করূপে মহা আনন্দের সঙ্গে তাঁর মহিমাময় উপস্থিতিতে উপস্থাপিত করবেন,

[25] সেই একমাত্র ঈশ্বর, আমাদের পরিত্রাতা, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে মহিমা, রাজকীয় প্রতাপ, পরাক্রম ও কর্তৃত্ব, সকল যুগের পূর্ব থেকে বর্তমানে ও যুগপর্যায়ের সমস্ত যুগেই হোক! আমেন।